মধ্যপ্রাচ্য সংকটের জেরে রুশ তেল কেনায় ভারতকে ৩০ দিনের মার্কিন ছাড়

ওয়াশিংটন, ৭ মার্চ – মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও জ্বালানি বাজারের অস্থিরতার প্রেক্ষাপটে ভারতকে রাশিয়া থেকে তেল কেনার জন্য ৩০ দিনের বিশেষ ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, বৈশ্বিক তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতেই এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেসেন্ট ভারতকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন।
তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে নয়াদিল্লি যুক্তরাষ্ট্র থেকেও তেল আমদানি বাড়াবে। ইরানের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে যে চাপ তৈরি হয়েছে তা কমাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন। এর আগে যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে ফেব্রুয়ারিতে একটি বাণিজ্য চুক্তির সময় ভারত রুশ তেল কেনা বন্ধে সম্মত হয়েছিল। তবে ভারতীয় কর্মকর্তারা বিষয়টি প্রত্যাখ্যান করে জানান, তাদের জ্বালানি আমদানির সিদ্ধান্ত জাতীয় স্বার্থ বিবেচনায় নেওয়া হয়।
রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার অভিযোগে ২০২৫ সালের আগস্টে ভারতের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন অর্থমন্ত্রী দাবি করেছেন, নতুন এই সিদ্ধান্তের ফলে রাশিয়া বড় ধরনের সুবিধা পাবে না, কারণ কেবল সমুদ্রে আটকে থাকা তেলের চালানগুলোর লেনদেনের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেও জ্বালানি সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ভারতের তেল মন্ত্রণালয়।
এস এম/ ৭ মার্চ ২০২৬









