ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, দুই শিশুসহ নিহত ৭

কিয়েভ, ৭ মার্চ – ইউক্রেনের বিভিন্ন শহরে শনিবার রাতে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে এই হামলায় দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে দেশটির জ্বালানি ও গুরুত্বপূর্ণ পরিবহন অবকাঠামো ধ্বংস করাই ছিল রাশিয়ার এই হামলার মূল উদ্দেশ্য। খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিহুবভ জানিয়েছেন যে একটি পাঁচ তলা আবাসিক ভবনে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে এই প্রাণহানির ঘটনা ঘটে।
হামলায় সাতটি বড় অ্যাপার্টমেন্ট ভবন এবং বাণিজ্যিক কেন্দ্র ও প্রশাসনিক কার্যালয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধানে অভিযান চালাচ্ছেন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন যে রুশ বাহিনী সারা দেশে মোট ৪৮০টি ড্রোন ও ২৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
রাশিয়ার এই সুপরিকল্পিত হামলায় মধ্য ইউক্রেনের চারটি রেলওয়ে স্টেশন ও ওডেসা অঞ্চলের বন্দর অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে। বিশেষ করে ওডেসায় একটি শস্য গুদাম ও ভোজ্যতেল ভর্তি কন্টেইনারে আগুন ধরে যাওয়ায় বড় ধরনের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এই হামলাকে বর্বর আখ্যা দিয়ে জেলেনস্কি বলেন যে রাশিয়া বেসামরিক নাগরিকদের ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার মাধ্যমে ইউক্রেনকে পঙ্গু করে দিতে চাইছে।
তিনি আন্তর্জাতিক মিত্রদের কাছে অবিলম্বে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও উন্নত অস্ত্র সরবরাহের দাবি জানিয়েছেন যাতে রুশ ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করা সম্ভব হয়।
এম ম/ ৭ মার্চ ২০২৬









