বরগুনায় খাদ্যে ভেজাল ও ওজনে কারচুপি রোধে শুভসংঘের সচেতনতা কার্যক্রম

বরগুনা, ৭ মার্চ – বরগুনায় খাদ্যে ভেজাল ও ওজনে কারচুপি রোধে জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে বসুন্ধরা শুভসংঘ। পবিত্র রমজান মাসকে সামনে রেখে গত শুক্রবার সংগঠনটির বরগুনা জেলা শাখার উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে এই সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
খাদ্যে ভেজাল ও মাপে ওজনে কারচুপি সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যে ভেজাল মেশানো এবং পণ্য বিক্রির সময় কম ওজন দেওয়া শুধু ভোক্তার সঙ্গে প্রতারণাই নয় বরং এটি মানবস্বাস্থ্য ও নৈতিকতার ওপর সরাসরি আঘাত। সচেতন নাগরিক সমাজ মনে করছে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।
এই কার্যক্রম উপলক্ষে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা স্থানীয় ব্যবসায়ীদের কাউন্সেলিং করেন এবং সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি পোস্টার প্রদর্শনের মাধ্যমে প্রচারণা চালান। তারা ব্যবসায়ীদের নৈতিক ব্যবসা পরিচালনার আহ্বান জানান এবং ভোক্তাদেরও সচেতন হওয়ার পরামর্শ দেন। বিশেষজ্ঞদের মতে ভেজাল খাদ্য গ্রহণের ফলে ক্যানসার ও কিডনি জটিলতাসহ লিভারের ক্ষতি এবং হৃদরোগের মতো নানা দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়ছে।
অধিক মুনাফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী দুধে পানি বা মসলায় ক্ষতিকর রং এবং মাছ মাংসে বিভিন্ন বিষাক্ত উপাদান মিশিয়ে বাজারজাত করছেন যা জনস্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। অন্যদিকে ওজনে কম দেওয়া বা মাপে কারচুপি করা ভোক্তার অধিকার লঙ্ঘনের শামিল।
পবিত্র রমজান মাসে অনুষ্ঠিত এ সচেতনতা কার্যক্রমে বক্তারা তাদের আলোচনায় ইসলামী মূল্যবোধ তুলে ধরেন। কর্মসূচিতে বসুন্ধরা শুভসংঘ বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক সাকিব মাহমুদসহ সংগঠনের অন্য সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কালের কণ্ঠের বরগুনা প্রতিনিধি ও জেলা শুভসংঘের উপদেষ্টা মিজানুর রহমান বলেন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে ব্যবসা বাণিজ্যে সততা ও বিশ্বস্ততার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।
আল কোরআনের সুরা আল মুতাফফিফীনে মাপে কম দেওয়াকে ধ্বংসাত্মক কাজ ও গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। বাংলানিউজ২৪ এর বরগুনা প্রতিনিধি জাহিদুল ইসলাম বলেন মহানবী হজরত মুহাম্মদ সা. ব্যবসায় সততা ও বিশ্বস্ততার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন এবং প্রতারকদের নিজেদের দলভুক্ত নয় বলে ঘোষণা করেছেন।
বসুন্ধরা শুভসংঘ বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক সাকিব মাহমুদ বলেন খাদ্যে ভেজাল ও ওজনে কারচুপি বন্ধে কঠোর নজরদারির পাশাপাশি নৈতিক শিক্ষা জোরদার করা প্রয়োজন। বক্তারা আরও বলেন ভোক্তাদের পণ্য কেনার সময় ওজন যাচাই করা ও সন্দেহজনক পণ্য পরিহার করা জরুরি।
খাদ্যে ভেজাল ও মাপে ওজনে কম দেওয়া সমাজে অবিশ্বাস ও অসুস্থতার বিস্তার ঘটায় বলে মন্তব্য করেন বক্তারা। সততা ও ন্যায়পরায়ণতার মাধ্যমে একটি ভেজালমুক্ত বাজারব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয় এই কর্মসূচি থেকে।
এম ম/ ৭ মার্চ ২০২৬








