শিক্ষা

জাবি অধ্যাপকের অভিযোগ: প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানিয়েও মেলেনি সাড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৬ মার্চ – জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের দুর্নীতি এবং উচ্চ আদালতের রায় অমান্য করার বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেছেন এক অধ্যাপক।

বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী আকন্দ এই অভিযোগটি উত্থাপন করেছেন। তিনি জানান, গত ২৯ জুলাই তিনি প্রধান উপদেষ্টার কাছে চার পৃষ্ঠার একটি বিস্তারিত চিঠি পাঠান। ওই চিঠিতে তিনি দুর্নীতির অভিযোগ তদন্ত, উচ্চ আদালতের রায় বাস্তবায়ন এবং অভিযুক্তদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান।

অধ্যাপক আকন্দ উল্লেখ করেন, ২০০৭ সালে তিনি তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা উপদেষ্টার কাছে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম নিয়ে তথ্য প্রমাণ জমা দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে ২০০৯ সালে সিন্ডিকেট দুটি তদন্ত কমিটি গঠন করলেও অদ্যাবধি কোনো তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি।

পরবর্তীতে তিনি দুর্নীতি দমন কমিশনে সাবেক দুই উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এবং অধ্যাপক মো. নূরুল আলমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, এই দুই উপাচার্যের সময়ে নিয়োগ বাণিজ্য, অপ্রয়োজনীয় প্রকল্প এবং প্রকল্পের কমিশন বাবদ ছাত্রলীগ নেতাদের দুই কোটি টাকা প্রদানের মতো নজিরবিহীন দুর্নীতি সংঘটিত হয়েছে।

দুদক থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ২০২৩ সালে তিনি উচ্চ আদালতে রিট করেন। এছাড়া বিভাগীয় সভাপতি থাকাকালে ভুয়া ভাউচার প্রতিরোধ করতে গিয়ে ২০১২ সালে তিনি নিজ কক্ষে অবরুদ্ধ ও লাঞ্ছিত হয়েছিলেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করেছেন।

এম ম/ ৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language