শ্রীলঙ্কায় প্রবেশের অনুমতি চেয়েছে ৩টি ইরানি জাহাজ, জানালেন প্রেসিডেন্ট

কলম্বো, ৬ মার্চ – শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিসানায়েকে জানিয়েছেন, তিনটি ইরানি জাহাজ আগামী ৯ থেকে ১৩ই মার্চের মধ্যে শ্রীলঙ্কা সফরের অনুমতি চেয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে। শুক্রবার নির্বাচিত কয়েকজন সাংবাদিকের সঙ্গে আয়োজিত সরাসরি সম্প্রচারিত এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
প্রেসিডেন্ট জানান, গত ২৬ ফেব্রুয়ারি ইরান তাদের তিনটি জাহাজ দ্বীপরাষ্ট্রের বন্দরে ভেড়ানোর অনুমতি চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বার্তা পাঠায়। তিনি আরও উল্লেখ করেন, জাহাজগুলো ইতিমধ্যে শ্রীলঙ্কার জলসীমার কাছাকাছি অবস্থান করছিল এবং মানবিক অনুরোধের পরিপ্রেক্ষিতে জাহাজের দুই কর্মকর্তাকে উপকূলে নিয়ে আসা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এক বিশেষ সংবাদ ব্রিফিংয়ে প্রেসিডেন্ট দিসানায়েকে দেশটির নিরপেক্ষ অবস্থান স্পষ্ট করেন। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানান, চলমান বা ভবিষ্যতের কোনো আন্তর্জাতিক সংঘাতে শ্রীলঙ্কার ভূখণ্ড, সমুদ্রসীমা কিংবা আকাশসীমা কোনোভাবেই ব্যবহার করতে দেওয়া হবে না।
এনএন/ ৬ মার্চ ২০২৬









