রাজবাড়ী

রাজবাড়ীতে ৫টি ফিলিং স্টেশনে জেলা প্রশাসনের বিশেষ অভিযান

রাজবাড়ী, ৬ মার্চ – রাজবাড়ী জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে বিশেষ তদারকি ও অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শুক্রবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার একাধিক তেলের পাম্পে এই অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে পলাশ ফিলিং স্টেশন, রাজবাড়ী ফিলিং স্টেশন, সপ্তবর্ণা ফিলিং স্টেশন, করিম ফিলিং স্টেশন এবং কাজী ফিলিং স্টেশনে সরেজমিনে তদারকি করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল হক।

পরিদর্শনকালে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল, অকটেন ও ডিজেলের বর্তমান মজুদ, স্থানীয় চাহিদা এবং সরবরাহ পরিস্থিতি যাচাই-বাছাই করা হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখা বা কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি না করার বিষয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।

পাশাপাশি, উপস্থিত ক্রেতা সাধারণকে প্রয়োজনের অতিরিক্ত তেল মজুদ না করে দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এম ম/ ৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language