দক্ষিণ এশিয়া

শ্রীলঙ্কার জলসীমায় ইরানি জাহাজ, ২০৮ নাবিককে উদ্ধারের নির্দেশ প্রেসিডেন্টের

কলম্বো, ৬ মার্চ – শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে কলম্বো বন্দরের অদূরে এক্সক্লুসিভ ইকোনমিক জোন এলাকায় ‘আইআরআইএস বুশেহর’ নামের একটি ইরানি জাহাজ নোঙর করেছে। জাহাজটি শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি চাওয়ার পর এর ক্রুদের নিরাপদে উদ্ধার করে তীরে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রেসিডেন্ট জানান, শ্রীলঙ্কায় অবস্থিত ইরানি দূতাবাস ও সরকারের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার পর জাহাজটির অধিনায়ক ক্রুদের উদ্ধারের সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই মোতাবেক শ্রীলঙ্কার নৌবাহিনীর জাহাজগুলো ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী মোট ২০৮ জন ক্রুকে তীরে আনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ৫৩ জন কর্মকর্তা, ৮৪ জন ক্যাডেট, ৪৮ জন সিনিয়র নাবিক এবং ২৩ জন সাধারণ নাবিক রয়েছেন। বর্তমানে তাদের নিজস্ব জাহাজ থেকে নৌযানে করে কলম্বো বন্দরে নিয়ে আসার কাজ চলছে।

পরবর্তীতে এই নাবিক ও ক্রুদের ত্রিনকোমালি বন্দর এলাকায় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে বলে প্রেসিডেন্ট উল্লেখ করেন। প্রসঙ্গত গত চৌঠা মার্চ শ্রীলঙ্কার উপকূলের কাছে ইরানের আরেকটি জাহাজ ‘আইআরআইএস দেনা’ হামলার শিকার হয়। যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে সাবমেরিন টর্পেডোর আঘাতেই জাহাজটি ডুবে যায়। এ প্রসঙ্গে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানান, ওই জাহাজে প্রায় ১৮০ জন আরোহী ছিলেন। ঘটনার পর ৮৪ জনের মৃতদেহ উদ্ধার করে গালে জাতীয় হাসপাতালে পাঠানো হয়েছে এবং জীবিত উদ্ধারকৃতদের সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এস এম/ ৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language