জ্বালানি তেল নিয়ে আতঙ্ক: ফিলিং স্টেশনে তেল কেনা ও সরবরাহে নতুন সরকারি নির্দেশনা

ঢাকা, ৬ মার্চ – বিশ্ববাজারে জ্বালানি সংকটের আশঙ্কায় দেশে সৃষ্ট অস্থিরতা ও আতঙ্ক রোধে ফিলিং স্টেশনগুলো থেকে তেল কেনা ও সরবরাহের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। শুক্রবার জ্বালানি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে বিশ্ববাজারে জ্বালানি সংকটের শঙ্কা তৈরি হয়েছে। এর নেতিবাচক প্রভাব বাংলাদেশেও দৃশ্যমান হচ্ছে। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি নিতে গ্রাহকদের দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কোথাও লাইনে দাঁড়ানো নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটছে। অনেকেই প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি মজুত করার চেষ্টা করছেন।
এমন পরিস্থিতিতে শৃঙ্খলা ফেরাতে তেল গ্রহণ ও প্রদানে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল কেনার সময় গ্রাহককে অবশ্যই তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করা রসিদ প্রদান করতে হবে। একই সঙ্গে প্রতিবার জ্বালানি তেল নেওয়ার সময় আগের ক্রয়ের রসিদ বা বিল প্রদর্শন করতে হবে।
এছাড়া ডিলাররা বরাদ্দ ও নির্দেশনা মেনে রসিদ গ্রহণ সাপেক্ষে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল সরবরাহ করবেন। ফিলিং স্টেশনগুলোকে তাদের মজুত ও বিক্রয়ের তথ্য সংশ্লিষ্ট ডিপোকে জানিয়ে তবেই নতুন করে তেল উত্তোলন করতে হবে। নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, তেল বিপণনকারী কোম্পানিগুলো ডিলারদের তেল সরবরাহের আগে বর্তমান বরাদ্দ অনুযায়ী মজুত ও বিক্রয় সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করবে। কোনোভাবেই নির্ধারিত বরাদ্দের চেয়ে বেশি জ্বালানি তেল সরবরাহ করা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
এস এম/ ৬ মার্চ ২০২৬









