লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি, অধিকাংশই ডিটেনশন সেন্টারের বন্দি

ত্রিপলি, ৬ মার্চ – লিবিয়া থেকে ১৬৫ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদের মধ্যে বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ছিলেন ১৪৩ জন এবং বাকি ২২ জন বেনগাজী ও সংলগ্ন এলাকায় বসবাসরত দুস্থ ও অসুস্থ নাগরিক। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা আইওএম এবং লিবিয়া সরকারের সহযোগিতায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে এই ১৬৫ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। জানা গেছে, ফিরে আসা বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেক নাগরিককে যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকে থাকা অন্য বাংলাদেশি নাগরিকদেরও নিরাপদে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো একযোগে কাজ করে যাচ্ছে।
এস এম/ ৬ মার্চ ২০২৬









