সৌরজগতের বাইরে থেকে আসা ধূমকেতুর বিরল ছবি প্রকাশ করল ইএসএ

মহাকাশ, ৬ মার্চ – মহাকাশে মাঝেমধ্যে এমন কিছু মহাজাগতিক বস্তুর দেখা মেলে, যা আমাদের সৌরজগতের বাইরের জগত থেকে আগত। সম্প্রতি এমনই এক ‘বিরল অতিথি’র ছবি তুলে বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ)। তাদের মহাকাশযান ‘জুপিটার আইসি মুনস এক্সপ্লোরার’ বা সংক্ষেপে ‘জুস’ (JUICE) আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু ‘থ্রি আই/অ্যাটলাস’-এর (3I/ATLAS) কাছাকাছি দৃশ্য ধারণ করেছে। ছবিতে দেখা গেছে, সূর্যের দিকে অগ্রসর হওয়ার সময় ধূমকেতুটি ধুলা ও গ্যাস নির্গত করছে।
জুস মহাকাশযানের বৈজ্ঞানিক ক্যামেরা ‘জেনাস’ ব্যবহার করে ২০২৫ সালের ৬ নভেম্বর ছবিটি তোলা হয়। ধূমকেতুটি সূর্যের সবচেয়ে কাছে পৌঁছানোর ঠিক সাত দিন পর এই দৃশ্য ধারণ করা সম্ভব হয়। সে সময় মহাকাশযানটি ধূমকেতু থেকে প্রায় ৬৬ মিলিয়ন কিলোমিটার দূরত্বে অবস্থান করছিল। এত দূর থেকেও ক্যামেরায় ধূমকেতুর চারপাশে থাকা উজ্জ্বল গ্যাসের বলয় বা ‘কোমা’ স্পষ্টভাবে ধরা পড়েছে। একইসঙ্গে সূর্যের বিপরীত দিকে প্রসারিত একটি দীর্ঘ লেজও ছবিতে দৃশ্যমান হয়েছে।
প্রকাশিত ছবিতে কোমার অভ্যন্তরে রশ্মির মতো রেখা, গ্যাসের জেট বা প্রবাহ এবং সূক্ষ্ম সুতোসদৃশ অংশের উপস্থিতি লক্ষ্য করেছেন গবেষকরা। ছবির একটি বিশেষ সংস্করণে তীর চিহ্নের মাধ্যমে ধূমকেতুর গতিপথ এবং সূর্যের অবস্থান নির্দেশ করা হয়েছে, যা থেকে বোঝা যায় সূর্যের উত্তাপ কীভাবে এর ওপর প্রভাব ফেলছে। বিজ্ঞানীদের মতে, ‘থ্রি আই/অ্যাটলাস’ সৌরজগতের বাইরের উৎস থেকে এলেও এর আচরণ সাধারণ ধূমকেতুর মতোই। সূর্যের কাছাকাছি আসার ফলে এর পৃষ্ঠের বরফ বাষ্পীভূত হয়ে ধুলা ও গ্যাস আকারে ছড়িয়ে পড়ছে, যা কোমা ও লেজ সৃষ্টি করছে। এই চিত্র ও তথ্য মহাকাশের দূরবর্তী বস্তু সম্পর্কে গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
এস এম/ ৬ মার্চ ২০২৬









