আসামে প্রশিক্ষণ চলাকালে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

আসাম, ৬ মার্চ – ভারতের আসাম রাজ্যের কার্বি আংলং জেলায় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। শুক্রবার ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) পক্ষ থেকে এক বিবৃতিতে এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়। নিহত দুই কর্মকর্তা হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুরাগকর। বিমানবাহিনী সূত্রে জানা যায়, রাশিয়ার প্রযুক্তিতে তৈরি সুখোই এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল।
আসামের যোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই রাডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটের দিকে যোগাযোগ হারানোর পর দ্রুত তল্লাশি অভিযান শুরু করা হয়। পরবর্তীতে ঘাঁটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলার একটি দুর্গম পাহাড়ি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, তারা পাহাড়ি এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং আগুনের কুণ্ডলী লক্ষ্য করেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভারতীয় বিমানবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংস্থাটি নিহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এছাড়া দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। উল্লেখ্য, সুখোই এসইউ–৩০ এমকেআই একটি দুই আসনের বহুমুখী ও দীর্ঘপাল্লার যুদ্ধবিমান, যা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড লাইসেন্সের অধীনে তৈরি করে থাকে। সাম্প্রতিক সময়ে ভারতে একাধিক সুখোই বিমান দুর্ঘটনার কবলে পড়েছে।
এস এম/ ৬ মার্চ ২০২৬









