উত্তর আমেরিকা

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার পপতারকা ব্রিটনি স্পিয়ার্স

ওয়াশিংটন, ৬ মার্চ – যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া পুলিশ বিশ্বখ্যাত পপতারকা ব্রিটনি স্পিয়ার্সকে মদ্যপ ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার করেছে। স্থানীয় সময় বুধবার রাতে ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টি এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে যে বুধবার রাত সাড়ে ৯টার দিকে ক্যালিফোর্নিয়ার একটি হাইওয়েতে একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ি অস্বাভাবিক দ্রুতগতিতে এবং বিপজ্জনকভাবে চলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে গাড়িটি থামায়। ৪৪ বছর বয়সী ব্রিটনি স্পিয়ার্স নিজেই গাড়িটি চালাচ্ছিলেন এবং সে সময় গাড়িতে তিনি একাই ছিলেন।

আটক করার পর গায়িকার শারীরিক অবস্থা দেখে পুলিশের সন্দেহ হয় এবং বেশ কিছু তাৎক্ষণিক পরীক্ষায় ব্যর্থ হলে তাকে রক্ত পরীক্ষার জন্য হাসপাতালে এবং পরবর্তীতে কারাগারে নিয়ে যাওয়া হয়। পুলিশ তার ব্যবহৃত গাড়িটিও জব্দ করেছে। আদালতের নথিপত্র অনুযায়ী বৃহস্পতিবার ভোরে ব্রিটনি স্পিয়ার্সকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে তাকে আগামী ৪ মে ভেনচুরা কাউন্টি আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিটনির প্রতিনিধি এই ঘটনাটিকে দুর্ভাগ্যজনক ও ক্ষমার অযোগ্য বলে অভিহিত করেছেন। একটি বিবৃতিতে জানানো হয়েছে যে ব্রিটনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তিনি পুলিশকে তদন্তে সব ধরনের সহযোগিতা করছেন।

তার পরিবার ও স্বজনরা বর্তমানে তার সুস্থতা নিশ্চিত করতে একটি সাপোর্ট প্ল্যান নিয়ে কাজ করছেন। গত কয়েক বছর ধরেই ব্রিটনি স্পিয়ার্স ব্যক্তিগত ও আইনি নানা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন।

যদিও ২০২৪ সালের শুরুতে তিনি আর কখনো গান করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে যে তিনি ২০০ মিলিয়ন ডলারে তার গানের স্বত্ব বিক্রি করেছেন। যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় কিছু কনসার্ট করার সম্ভাবনা থাকলেও এই মুহূর্তে তিনি তার আইনি সমস্যা সমাধান এবং ব্যক্তিগত স্বাস্থ্যের দিকেই বেশি নজর দিচ্ছেন।

এম ম/ ৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language