উত্তর আমেরিকা

দীর্ঘ বৈরিতার অবসান: যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন

ওয়াশিংটন, ৬ মার্চ – দীর্ঘদিনের টানাপোড়েন ও বৈরী সম্পর্কের ইতি টেনে পুনরায় কূটনৈতিক ও কনস্যুলার সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, দক্ষিণ আমেরিকার এই দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনের পথ সুগম করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এই পদক্ষেপ দুই দেশের যৌথ প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে, যা ভেনেজুয়েলার অর্থনৈতিক পুনরুদ্ধার ও রাজনৈতিক পুনর্মিলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত জানুয়ারি মাসের শুরুতে এক বিশেষ অভিযানে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন বাহিনীর হাতে আটক হন।

এরপর দেশটিতে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন আসে এবং অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডেলসি রদ্রিগেজ। মাদুরোর পতনের পর থেকেই রদ্রিগেজ প্রশাসন ওয়াশিংটনের সাথে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় উভয় দেশ পুনরায় কূটনৈতিক মিশন চালুর সিদ্ধান্ত নিয়েছে। ভেনেজুয়েলার বর্তমান সরকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে নতুন অধ্যায়ের সূচনা করার আশাবাদ ব্যক্ত করেছে। মার্কিন প্রশাসন স্পষ্ট করেছে যে, তাদের মূল এজেন্ডা হলো ভেনেজুয়েলার জনগণকে একটি পর্যায়ক্রমিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের দিকে নিয়ে যাওয়া।

এসএএস/ ৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language