ইসরায়েলের বিরোধিতায় ক্যাপিটাল হিলে হট্টগোল, মেরিন সেনার হাত ভাঙার অভিযোগ

ওয়াশিংটন, ৬ মার্চ – দখলদার ইসরায়েলের পক্ষে মার্কিন অবস্থানের বিরোধিতা করায় গত বুধবার ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে সিনেটের শুনানিতে নজিরবিহীন হট্টগোলের সৃষ্টি হয়েছে। এ সময় ব্রায়ান ম্যাকগিনিস নামের এক সাবেক মার্কিন মেরিন সেনা চিৎকার করে বলতে থাকেন, ‘কেউ ইসরায়েলের হয়ে লড়াই করতে চায় না’। তার এই প্রতিবাদের জের ধরে এক পর্যায়ে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় এবং তিনি আহত হন। বিক্ষোভকারী ব্রায়ান ম্যাকগিনিস একজন সাবেক মেরিন সেনা সদস্য এবং উত্তর ক্যারোলিনার সিনেট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী।
জানা গেছে, জয়েন্ট চিফস অফ স্টাফের সদস্যদের সাক্ষ্য গ্রহণকারী সিনেট আর্মড সার্ভিসেস সাবকমিটির শুনানিতে তিনি ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানালে কার্যক্রম ব্যাহত হয়। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশ এবং মন্টানার রিপাবলিকান সিনেটর টিম শিহি ম্যাকগিনিসকে কক্ষ থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ধস্তাধস্তির এক পর্যায়ে দরজার ফ্রেম আঁকড়ে ধরার চেষ্টা করলে তার ডান হাতটি আঘাতপ্রাপ্ত হয়। এ সময় পাশ থেকে একজনকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘তার হাত, তার হাত!’ পরবর্তীতে একজন প্রত্যক্ষদর্শী ম্যাকগিনিসকে তার হাতের অবস্থা জানতে চাইলে তিনি জানান যে তার হাত ঠিক নেই।
কক্ষের ভেতর থেকে অন্য একটি কণ্ঠস্বর অভিযোগ করে বলে ওঠে, ‘সিনেটর তার হাত ভেঙে দিলেন, একজন মার্কিন সিনেটর একজন মেরিনের হাত ভেঙে দিলেন।’ এ বিষয়ে সিনেটর টিম শিহি নিজের অবস্থান পরিষ্কার করে বলেছেন, তিনি পুলিশকে একজন অপ্রতিরোধ্য প্রতিবাদকারীর সাথে বাদানুবাদ করতে দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘এই ভদ্রলোক ক্যাপিটালে একটি সংঘর্ষ বাধানোর উদ্দেশ্যেই এসেছিলেন।’ অন্যদিকে ক্যাপিটাল পুলিশ দাবি করেছে, ম্যাকগিনিসকে বের করে দেওয়ার সময় তিনি অফিসারদের ওপর চড়াও হয়েছিলেন।
এসএএস/ ৬ মার্চ ২০২৬









