সোনারগাঁয়ে জামিনে বেরিয়ে বাদীর বাড়িতে আসামিদের হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জ, ৬ মার্চ – নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে হত্যা মামলার আসামিরা জামিনে বেরিয়ে বাদীর বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার মহজমপুর কাজিপাড়া এলাকায় আলী আজগর মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। হামলাকারীরা বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে এবং তিন নারীসহ পরিবারের ৯ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
স্থানীয় সূত্রে জানা যায়, হত্যা মামলার আসামিরা জামিনে কারামুক্ত হয়ে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষের লোকজন আলী আজগর মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালায়।
এ সময় সন্ত্রাসীরা বাড়িতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় এবং যাওয়ার সময় বসতঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে তালতলা ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার শিকার আলী আজগরের পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ জানিয়েছেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম ম/ ৬ মার্চ ২০২৬









