রমজানে ত্বকের যত্ন ও পানিশূন্যতা রোধে কার্যকরী পরামর্শ

ঢাকা, ৬ মার্চ – রমজান মাসে দীর্ঘ সময় পানি পান না করায় শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে, যার সরাসরি প্রভাব পড়ে ত্বকের ওপর। এই শূন্যতা পূরণে ইফতার থেকে সাহরি পর্যন্ত সময়কে সঠিকভাবে কাজে লাগানো প্রয়োজন। সাহরি ও ইফতারে অন্যান্য খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি পান করা অত্যন্ত জরুরি। রোজায় ত্বক সুস্থ ও সতেজ রাখতে কিছু বিশেষ নিয়ম মেনে চলা উচিত।
ইফতারের পর অতিরিক্ত চিনিযুক্ত পানীয় ও ক্যাফেইন এড়িয়ে চলা ভালো। এর পরিবর্তে শসা, পুদিনা বা লেবু মেশানো পানীয় পান করা যেতে পারে, যা ত্বককে ভিটামিন ও খনিজ সরবরাহ করে উজ্জ্বল রাখতে সহায়তা করে। এছাড়া বেরি, বাদাম, ডার্ক চকলেট ও ডালিমের মতো অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার সমৃদ্ধ খাবার ত্বকের সুরক্ষায় বেশ কার্যকর। বিশেষজ্ঞদের মতে, ইফতারের পর ফল, শাকসবজি ও ভেষজ চা পান করা উচিত। ত্বকের ধরন অনুযায়ী সঠিক ময়েশ্চারাইজার নির্বাচন করাও এ সময় গুরুত্বপূর্ণ।
শুষ্ক ত্বকের জন্য গ্লিসারিন বা হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত ময়েশ্চারাইজার এবং তৈলাক্ত ত্বকের জন্য স্যালিসিলিক অ্যাসিডযুক্ত হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে। শুষ্ক ত্বকে ঘন ও ক্রিমি ময়েশ্চারাইজার এবং তৈলাক্ত ত্বকে জেলভিত্তিক ময়েশ্চারাইজার ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। রমজানে ভারী মেকআপ ত্বকের লোমকূপ বন্ধ করে শুষ্কতা বাড়াতে পারে, তাই বিবি ক্রিম বা হালকা উপাদানের প্রসাধনী ব্যবহার করাই শ্রেয়। এছাড়া ঘন ঘন মুখ ধোয়া থেকে বিরত থাকতে হবে, কারণ এতে ত্বকের প্রাকৃতিক তেল কমে যায়। এর বিকল্প হিসেবে হাইড্রেটিং মিস্ট স্প্রে ব্যবহার করা যেতে পারে।
এস এম/ ৬ মার্চ ২০২৬









