কিউবায় সরকার পরিবর্তনের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ৬ মার্চ – কিউবায় সরকার পরিবর্তনের স্পষ্ট হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ঘোষণা দেন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের বিরুদ্ধে তার প্রশাসনের চলমান কার্যক্রম শেষ হওয়ার পরপরই কিউবায় মার্কিন পদক্ষেপ শুরু হতে পারে।
এ সময় কিউবা ইস্যুতে কার্যকর ভূমিকা রাখার জন্য পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ধন্যবাদ জানান তিনি। ট্রাম্প মন্তব্য করেন, কিউবায় বর্তমানে যা ঘটছে তা বিস্ময়কর। তবে তিনি জোর দিয়ে বলেন, প্রথমে ইরান ইস্যু শেষ করতে চান এবং এরপর কিউবার বিষয়টি কেবল সময়ের ব্যাপার। তিনি আরও জানান, তার প্রথম মেয়াদে সামরিক বাহিনীকে পুনর্গঠন করা হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে প্রত্যাশার চেয়েও বেশি সামরিক শক্তি ব্যবহার করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পর কিউবাকে আলটিমেটাম দিয়েছিলেন ট্রাম্প। ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে না এলে কিউবা মানবিক বিপর্যয়ের মুখে পড়বে এবং দেশটিতে তেল রপ্তানিকারকদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে বলেও তিনি সতর্ক করেছিলেন।
এসএএস/ ৬ মার্চ ২০২৬









