কুয়েতে মার্কিন দূতাবাস খালি করার নির্দেশ, গোপন তথ্য ধ্বংসের পরামর্শ

কুয়েত, ৬ মার্চ – মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস খালি করার জরুরি নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত পর্যন্ত ধাপে ধাপে দূতাবাসের কর্মকর্তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হবে। বিবিসির সহযোগী প্রতিষ্ঠান সিবিএস তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করেছে যে, দূতাবাসের কর্মীদের গুরুত্বপূর্ণ সব নথিপত্র ধ্বংস করা এবং গোপন সার্ভারের তথ্য মুছে ফেলার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
দুইজন মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশের আকাশসীমায় প্রবেশ করা একটি ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহত করেছে। কুয়েত সেনাবাহিনীর মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, ড্রোন বা ক্ষেপণাস্ত্র ধ্বংসের ফলে কিছু ধ্বংসাবশেষ নিচে পড়ে। এ ঘটনায় একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কোনো মানুষের আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এসএএস/ ৬ মার্চ ২০২৬









