ইরানের নতুন নেতা নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ চান ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ৬ মার্চ – ইরানে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়ায় নিজেকে সরাসরি যুক্ত করার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে তার পছন্দ ছাড়া অন্য কাউকে ইরানের নেতা হিসেবে মেনে নেওয়া হবে না। বিশেষ করে ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনিকে নতুন নেতা হিসেবে মেনে নিতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন।
বৃহস্পতিবার সংবাদমাধ্যম এক্সিওসকে ট্রাম্প এসব তথ্য জানান। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে খামেনি নিহত হওয়ার পর সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করে যে মোজতবাকে নতুন নেতা নির্বাচিত করা হয়েছে। যদিও তেহরান আনুষ্ঠানিকভাবে এখনো কিছু ঘোষণা করেনি।
ট্রাম্প স্পষ্ট করেছেন যে মোজতবা তার কাছে গ্রহণযোগ্য নন এবং তিনি এমন কাউকে চান যিনি ইরানে শান্তি ও সমৃদ্ধি আনবেন। ৫৬ বছর বয়সী মোজতবার সঙ্গে ইরানের বিপ্লবী গার্ডের গভীর সম্পর্ক থাকলেও তিনি কখনো রাষ্ট্রীয় পদে ছিলেন না।
ভেনেজুয়েলার উদাহরণ টেনে ট্রাম্প জানান, নিকোলাস মাদুরোকে অপসারণের পর দেশটি এখন আমেরিকার নতুন বন্ধুতে পরিণত হয়েছে এবং সেখান থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করা সম্ভব হয়েছে।
এনএন/ ৬ মার্চ ২০২৬









