হামলার আশঙ্কায় কুয়েত থেকে দূতাবাস কর্মীদের ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

কুয়েত সিটি, ৬ মার্চ – গত কয়েক দিনে একাধিক হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মীদের অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার থেকে দূতাবাসের কর্মীদের সশরীরে যুক্তরাষ্ট্রে প্রত্যাবর্তনের প্রক্রিয়াও শুরু হয়েছে। উপসাগরীয় দেশ কুয়েত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান কৌশলগত মিত্র হিসেবে পরিচিত এবং দেশটিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটি রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকেই কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। ওয়াশিংটন থেকে দূতাবাস খালি করার এই জরুরি নির্দেশনা আসে মূলত গত বুধবার ৪ ফেব্রুয়ারি কুয়েতের আকাশসীমায় ইরানের একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ঘটনার পর। কুয়েতের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা সম্ভব হয়েছে।
তবে সেটির পতিত ধ্বংসাবশেষের আঘাতে নিচে থাকা কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েতি সামরিক বাহিনীর এই বিবৃতি প্রকাশ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দূতাবাস খালি করার আনুষ্ঠানিক নির্দেশনা জারি করে।
এসএএস/ ৬ মার্চ ২০২৬









