জাতীয়

উত্তরায় বাসায় গ্যাস পাইপ লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১০

ঢাকা, ৬ মার্চ – রাজধানীর উত্তরা কামারপাড়া এলাকায় একটি বাসায় গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ ভর্তি করা হয়েছে।

দগ্ধদের মধ্যে রয়েছেন— রুবেল (৩০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), তাদের তিন বছর বয়সী মেয়ে রোজা, সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই এনায়েত (৩২), তার স্ত্রী দেলেরা (২৮), তাদের ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), ভাগনি আয়েশা (১৯) এবং আরেকজন রুবেল (৩৫)।

এনায়েতের ভাগিনা সাজেদ মাতব্বর জানান, দ্বিতীয় তলার বাসাটিতে থাকেন রুবেল-সোনিয়া দম্পতি। জীবিকার জন্য রুবেল মোটরসাইকেল রাইড শেয়ারিং করেন। তার চাচাতো ভাই এনায়েত দুবাই প্রবাসী এবং কিছুদিন আগে দেশে ফিরেছেন। তাদের বাড়ি শিবচর উপজেলা।

তিনি জানান, এনায়েত পরিবার নিয়ে গ্রাম থেকে রুবেলের বাসায় বেড়াতে এসেছিলেন। একই ভবনের চতুর্থ তলায় থাকেন সাজেদ মাতব্বর। ভোরের দিকে দ্বিতীয় তলার বাসায় হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। পরে দেখা যায় ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দেয়াল ভেঙে গেছে এবং বাসায় থাকা ১০ জনই আগুনে দগ্ধ হয়েছেন। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। কার কত শতাংশ দগ্ধ হয়েছেন তা ড্রেসিং সম্পন্ন হওয়ার পর নিশ্চিত করে বলা যাবে।

এনএন/ ৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language