জাতীয়

বায়ুদূষণে বিশ্বের শীর্ষে ঢাকা, বাতাসের মান দুর্যোগপূর্ণ

ঢাকা, ৬ মার্চ – রাজধানী ঢাকা-র বায়ুর মান দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। এতে যেমন পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ছে, তেমনি বাড়ছে মানুষের স্বাস্থ্যঝুঁকিও। সর্বশেষ তালিকা অনুযায়ী, বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে আজ শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। দূষণের দিক থেকে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর।

শুক্রবার (৬ মার্চ) বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা IQAir-এর প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।

তালিকায় শীর্ষে থাকা ঢাকার দূষণ স্কোর আজ ৩৭১, যা বায়ুর মানকে ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে ফেলেছে। দ্বিতীয় স্থানে থাকা লাহোরের স্কোর ২৮৫, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

এরপর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় (স্কোর ১৮১)। চতুর্থ স্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন (১৮১) এবং পঞ্চম স্থানে ভারতের দিল্লি (১৭৪)। এছাড়া তালিকায় রয়েছে নেপালের কাঠমান্ডু (১৬৯), উগান্ডার কাম্পালা (১৬৮), ভারতের কলকাতা (১৬৭), থাইল্যান্ডের চিয়াং মাই (১৬০) এবং চীনের হাংজও (১৪৯)।

বায়ুর মানের সূচক অনুযায়ী, স্কোর ০ থেকে ৫০ হলে বাতাস ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।

IQAir-এর পরামর্শ অনুযায়ী, ঢাকার বর্তমান পরিস্থিতিতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করা উচিত। পাশাপাশি বাইরে গিয়ে ব্যায়াম না করা এবং ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

এনএন/ ৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language