যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ

ঢাকা, ৬ মার্চ – ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতি ঘিরে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর সামরিক উত্তেজনার প্রভাব নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
বৃহস্পতিবার বিকেলে দুই নেতার মধ্যে একান্ত ফোনালাপ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস–কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আলাপচারিতায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাত এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)ভুক্ত দেশগুলোর প্রতি বাংলাদেশের পক্ষ থেকে গভীর সংহতি প্রকাশ করেন। জবাবে ইউএই প্রেসিডেন্ট ফোন করার জন্য এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর আন্তরিক উদ্বেগের জন্য কৃতজ্ঞতা জানান।
প্রেস সচিব আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিশেষ যত্ন নেওয়ায় দেশটির প্রেসিডেন্ট ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এ সময় সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি এবং ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া সহযোগিতা ও সমর্থনের জন্যও ধন্যবাদ জানান তারেক রহমান।
ফোনালাপের একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ইউএই প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আমন্ত্রণটি গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার বিষয়ে সম্মতি প্রকাশ করেন।
প্রেস সচিব সালেহ শিবলী জানান, আঞ্চলিক সংঘাত যেন আরও বিস্তৃত না হয় এবং এর ফলে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সম্ভাব্য নেতিবাচক প্রভাব মোকাবিলায় দ্রুত সামরিক উত্তেজনা কমানোর ওপর দুই নেতা গুরুত্বারোপ করেছেন। পাশাপাশি বিদ্যমান সংকটের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ জোরদারের প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করেন তারা।
এনএন/ ৬ মার্চ ২০২৬









