নর্থ সাইপ্রাসে বেতনের দাবিতে মালিকের রোষানল, চুরির অপবাদে ৬ বাংলাদেশি কারাগারে

উত্তর নিকোসিয়া , ৬ মার্চ – তুর্কি অধ্যুষিত নর্থ সাইপ্রাসে বকেয়া বেতন চাওয়ায় ছয় বাংলাদেশি কর্মীকে চুরির মিথ্যা অভিযোগ এনে কারাগারে পাঠানোর ঘটনা ঘটেছে। গিরনা এলাকায় অবস্থিত ‘হাংগ্রি হাউজ’ নামক একটি রেস্টুরেন্টের তুর্কি মালিকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
গত ১ মার্চ ওই ছয় বাংলাদেশিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং আজ শুক্রবার তাদের আদালতে তোলার কথা রয়েছে।
অভিযুক্ত বাংলাদেশি কর্মীরা হলেন শাহাদাৎ হোসেন, রাজু আহমেদ, আরিফুর রহমান, মো. শাউন মিয়া, শাউন হোসেন এবং শিহাবুর রহমান। তারা গত দুই বছর ধরে ওই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
নর্থ সাইপ্রাস বাংলাদেশ কমিউনিটির সভাপতি ও ব্যবসায়ী ইমাম হোসেন জানান, প্রায় দুই বছর আগে ওয়ার্ক পারমিট ভিসায় ২২ জন বাংলাদেশি ওই রেস্টুরেন্টে কাজে যোগ দেন। শুরু থেকেই মালিকপক্ষ বেতন নিয়ে টালবাহানা ও কর্মীদের ওপর নির্যাতন চালিয়ে আসছে। বেতনের জন্য চাপ দিলে মালিকপক্ষ উল্টো কর্মীদের মারধর করে।
এর আগে পুলিশে অভিযোগ দিলে মালিককে আটক করা হয়েছিল। সেই ঘটনার প্রতিশোধ নিতেই পাঁচ মাস আগের এক চুরির ঘটনায় বর্তমানে কর্মীদের ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া অন্যত্র কাজের অনুমতি না দিয়ে মালিক তাদের পাসপোর্ট আটকে রেখেছেন বলেও জানা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী জানান, রেস্টুরেন্টের ম্যানেজার ছয় মাস আগে টাকা চুরি করে পালিয়ে গেলেও এখন সেই দায় সাধারণ কর্মীদের ওপর চাপানো হচ্ছে। সেখানে কর্মরত প্রত্যেকের প্রায় ছয় মাসের বেতন বকেয়া রয়েছে।
শক্তিশালী কমিউনিটি বা দূতাবাস না থাকায় প্রবাসী বাংলাদেশিরা সেখানে আইনি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
এনএন/ ৬ মার্চ ২০২৬

