মধ্যপ্রাচ্যে অস্থিরতা: দেশে জ্বালানি সাশ্রয়ে মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

ঢাকা, ৫ মার্চ – মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্পদের সর্বোত্তম ব্যবহার বজায় রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বার্তায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ দেশের সর্বস্তরের নাগরিকদের অবিলম্বে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি তেল ব্যবহারে মিতব্যয়ী হওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। গ্যাস সাশ্রয়ের লক্ষ্যে রান্নাসহ অন্যান্য কাজে সর্বোচ্চ সাশ্রয়ী পদ্ধতি অবলম্বন এবং গ্যাসচালিত যন্ত্রপাতির অপ্রয়োজনীয় ব্যবহার পরিহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া গ্যাসের লিকেজজনিত অপচয় রোধে নিয়মিত পাইপলাইন ও বার্নার পরীক্ষার পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
জ্বালানি তেলের ব্যবহার কমানোর বিষয়েও সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশনায় ব্যক্তিগত যানবাহনের ওপর নির্ভরশীলতা কমিয়ে গণপরিবহন ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। সম্ভব হলে ‘কার-পুলিং’ বা যানবাহন শেয়ারিং ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রাতিষ্ঠানিক পর্যায়ে জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে সব সরকারি দপ্তর ও সংস্থাকে অফিস চলাকালীন এবং অফিস-পরবর্তী সময়ে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈশ্বিক পরিস্থিতির কথা বিবেচনায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকেও অতিরিক্ত জ্বালানি ব্যবহার পরিহার করে আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।
এনএন/ ৫ মার্চ ২০২৬









