আবুধাবিতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ, ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি আমিরাতের

আবুধাবি, ৫ মার্চ – সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দফায় দফায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে বলে দাবি করা হয়েছে। জাতীয় জরুরি সঙ্কট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে একটি ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা এবং জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী প্রত্যক্ষদর্শীরা একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, বিভিন্ন এলাকায় শোনা বিকট শব্দগুলো মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করার কারণে সৃষ্টি হয়েছে। শত্রুপক্ষের আত্মঘাতী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে গিয়েই এই পরিস্থিতির উদ্ভব হয়।
এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাইয়ে অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বৈশ্বিক জরুরি সরঞ্জাম সরবরাহ কেন্দ্রের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অনিরাপদ পরিস্থিতির কারণে সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডব্লিউএইচওর পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের পরিচালক হানান বালখি জানান, এই অচলাবস্থার ফলে প্রায় ১ কোটি ৮০ লাখ ডলার মূল্যের মানবিক স্বাস্থ্য সরঞ্জাম আটকা পড়েছে। সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়ায় মানবিক সহায়তার চালান নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না।
এনএন/ ৫ মার্চ ২০২৬









