মধ্যপ্রাচ্য

ইরানে স্থল অভিযান চালালে যুক্তরাষ্ট্র ‘মরণ ফাঁদে’ পড়বে: কাজেম জালালি

তেহরান, ৫ মার্চ – যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়, তবে তারা এমন এক মরণ ফাঁদে আটকা পড়বে যেখান থেকে বেরিয়ে আসা তাদের পক্ষে অসম্ভব হবে।

বৃহস্পতিবার রুশ সংবাদমাধ্যম তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র বর্তমানে দূর থেকে বিমান হামলা চালাচ্ছে, কিন্তু স্থল অভিযান মানে হলো সরাসরি সম্মুখযুদ্ধ। এমন পরিস্থিতি তৈরি হলে পুরো ইরানি জাতি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে এবং সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাবে।

রাষ্ট্রদূত আরও বলেন, স্থল যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য মোটেও শুভ হবে না এবং তেহরান এর জন্য পুরোপুরি প্রস্তুত। ইরান সীমান্তে কোনো আগ্রাসন হলে মাটিতেই তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

জালালির মতে, ইরানের হাতে পর্যাপ্ত শক্তিশালী সামরিক সক্ষমতা রয়েছে যা দিয়ে যুক্তরাষ্ট্রের যেকোনো আক্রমণ প্রতিহত করা সম্ভব।

তিনি সতর্ক করে বলেন, স্থল যুদ্ধে জড়ালে মার্কিন বাহিনী এমন এক চোরাবালিতে নিমজ্জিত হবে, যা থেকে মুক্তি পাওয়া তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে।

এনএন/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language