ব্রেন টিউমার অস্ত্রোপচারের পর কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ঢাকা, ৫ মার্চ – ব্রেন টিউমার অপসারণের সফল অস্ত্রোপচারের পর এই প্রথম নিজের শারীরিক অবস্থার বিস্তারিত জানালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক লাইভ সেশনে এসে তিনি ভক্তদের আশ্বস্ত করেন যে, তিনি বর্তমানে আগের চেয়ে অনেকটাই সুস্থ বোধ করছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় বিশ্রামে আছেন। ফেসবুক লাইভে তানিয়া জানান, সাধারণত এ ধরণের জটিল অস্ত্রোপচারে দীর্ঘ সময় লাগলেও তার ক্ষেত্রে মাত্র আড়াই ঘণ্টায় প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে।
অস্ত্রোপচার পরবর্তী সময়ে কয়েকদিন তাকে হাসপাতেলে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়েছিল। জ্ঞান ফেরার মুহূর্তের স্মৃতিচারণ করে তিনি জানান, চোখ মেলেই তিনি মাকে খুঁজছিলেন এবং চিকিৎসকদের জানিয়েছিলেন যে তিনি ভালো আছেন। শারীরিক পরিবর্তনের বিষয়ে অভিনেত্রী উল্লেখ করেন, অস্ত্রোপচার ও নিয়মিত কড়া ওষুধ সেবনের ফলে তার ওজন কিছুটা বৃদ্ধি পেয়েছে।
তবে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর জিমে যোগ দিয়ে নিজেকে ফিট করে আবারও পুরোদমে অভিনয়ে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একইসাথে তিনি সুখবর দেন যে, আসন্ন ঈদে তার অভিনীত একাধিক নাটক প্রচারিত হতে যাচ্ছে। কঠিন সময়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া এবং মানসিক সমর্থনের জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এস এম/ ৫ মার্চ ২০২৬









