মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে ইতালি

রোম, ৫ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে আকাশ প্রতিরক্ষা সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছেন।
একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মেলোনি জানান যে যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানির মতো ইতালিও ওই অঞ্চলের মিত্র দেশগুলোতে নিরাপত্তা সহায়তা পাঠাবে। তিনি উল্লেখ করেন যে বিশেষ করে আকাশ নিরাপত্তা বিষয়ক সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে।
প্রধানমন্ত্রী আরও স্পষ্ট করেন যে শুধুমাত্র মিত্র দেশ হওয়ার কারণে নয় বরং সেখানে বসবাসরত হাজার হাজার ইতালীয় নাগরিক এবং মোতায়েনকৃত প্রায় দুই হাজার সেনাসদস্যের নিরাপত্তা নিশ্চিত করাও তাদের দায়িত্ব।
উল্লেখ্য ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘ সংলাপ কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর উত্তেজনা বৃদ্ধি পায়। এরপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করলে জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। সৌদি আরব কাতার কুয়েত সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও ওমান নিয়ে গঠিত উপসাগরীয় অঞ্চলের মধ্যে আমিরাত ও কুয়েতে ইতালির ঘাঁটি রয়েছে।
এনএন/ ৫ মার্চ ২০২৬









