মধ্যপ্রাচ্য
ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র ও ১২৫টি ড্রোন ভূপাতিত করার দাবি বাহরাইনের

মানামা, ৫ মার্চ – বাহরাইনের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ছোড়া ৭৫টি ক্ষেপণাস্ত্র এবং ১২৫টি ড্রোন সফলভাবে ধ্বংস করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
বুধবার বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ড এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে জেনারেল কমান্ড জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সক্রিয় রয়েছে এবং ইরান থেকে আসা মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে।
চলমান পরিস্থিতিতে দেশের নাগরিক ও বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে হামলায় কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে কি না কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে জেনারেল কমান্ডের বিবৃতিতে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম ফ্লিটের ঘাঁটি রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরুর পর থেকেই ইরান নিয়মিত বিরতিতে বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।
এনএন/ ৫ মার্চ ২০২৬







