হাইকোর্টের নির্দেশে বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনা

বাগেরহাট-১, ৫ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ সংসদীয় আসনের প্রাপ্ত ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা নিয়ে গঠিত এই আসনে ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে ফলাফল চ্যালেঞ্জ করেছিলেন বিএনপি প্রার্থী।
বৃহস্পতিবার বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনি ট্রাইব্যুনাল বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
আদালতে ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণের করা আবেদনের শুনানি শেষে এই রায় ঘোষণা করা হয়। আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী গাজী মোস্তাক এবং তার সঙ্গে ছিলেন আইনজীবী হাসানুল আলম। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট হাসানুল আলম।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী ঘোষিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী কপিল কৃষ্ণ পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট।
মোট ১৪৭টি ভোটকেন্দ্র নিয়ে গঠিত এই আসনটিতে নির্বাচনের ফল প্রকাশের পর কিছু কেন্দ্রের ফলাফল নিয়ে আপত্তি জানান কপিল কৃষ্ণ। তিনি প্রথমে নির্বাচন কমিশন সংক্রান্ত বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। সেখানে কাঙ্ক্ষিত প্রতিকার না পেয়ে তিনি হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে ভোটের ফল চ্যালেঞ্জ করে আবেদন করেন। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত ভোট পুনর্গণনার এই আদেশ দিলেন।
উল্লেখ্য, বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে জামায়াত এবং একটিতে বিএনপি প্রার্থীরা জয়লাভ করেছেন।
এনএন/ ৫ মার্চ ২০২৬









