দক্ষিণ এশিয়া

ছুটিতে বিড়ালের সেবা দিয়ে দুই সপ্তাহে চীনা তরুণের আয় ২৮ লাখ টাকা

সাংহাই, ৫ মার্চ – চাকরি বা ব্যবসা নয়, কেবল পোষা বিড়ালের দেখাশোনা করেই মাত্র দুই সপ্তাহে বিপুল অর্থ উপার্জন করেছেন চীনের এক তরুণ। সাংহাইয়ের বাসিন্দা হুয়ান কং এবারের নববর্ষের ছুটিতে প্রায় ১ লাখ ৬০ হাজার ইউয়ান আয় করেছেন যা বাংলাদেশি মুদ্রায় ২৮ লাখ ৩৭ হাজার টাকার বেশি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই উপার্জনের খবর ছড়িয়ে পড়ার পর তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

চীনে নববর্ষের ছুটিতে লাখো মানুষ শহর ছেড়ে গ্রামে যান বা ভ্রমণে বের হন। কিন্তু পোষা প্রাণীকে সঙ্গে নেওয়া সবার পক্ষে সম্ভব হয় না বলে পেশাদার পেট কেয়ার সেবার চাহিদা বেড়ে যায়। ১৯৯১ সালে জন্ম নেওয়া হুয়ান গত ৯ বছর ধরে পেশাদারভাবে এই সেবা দিয়ে আসছেন। এবারের ছুটিতে ১৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত তিনি ও তার চার সদস্যের দল একটি ব্যস্ত সময়সূচি তৈরি করে কাজ করেছেন। উৎসবের আগে ও পরে মিলিয়ে মোট ২০ দিনে তারা প্রায় ২ হাজার বাড়িতে গিয়ে বিড়ালকে খাবার দিয়েছেন।

এর মধ্যে হুয়ান একাই প্রায় ১ হাজার বাড়িতে সেবা পৌঁছে দিয়েছেন এবং সবচেয়ে ব্যস্ত দিনে ৫৫টি বাড়িতে কাজ করেছেন। প্রতিটি বাড়িতে তিনি ১০ থেকে ১৫ মিনিট সময় ব্যয় করেন। এই সময়ের মধ্যে তিনি বিড়ালের লিটার বক্স পরিষ্কার করেন এবং খাবার ও পানি বদলে দেন। এছাড়া বিড়ালের স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করে সব আবর্জনা সরিয়ে ফেলেন। অনেক সময় অতিরিক্ত অর্থের বিনিময়ে তিনি ওষুধ খাওয়ানো বা নখ কেটে দেওয়ার মতো বাড়তি সেবাও প্রদান করেন। উৎসবের সময় যখন মালিকরা বাইরে থাকেন তখন এমন নির্ভরযোগ্য সেবার কদর বহুগুণ বেড়ে যায়।

এস এম/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language