মধ্যপ্রাচ্য

রাশিয়ার কাছে অস্ত্র সহায়তার কোনো অনুরোধ জানায়নি ইরান: ক্রেমলিন

ওয়াশিংটন, ৫ মার্চ – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ব্যাপক প্রাণহানির ঘটনার পর তেহরানের ঘনিষ্ঠ দুই মিত্র রাশিয়া ও চীন তীব্র নিন্দা জানিয়েছে। তবে নিন্দা জানালেও ইরানকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে দেশ দুটি এখনো কোনো স্পষ্ট ইঙ্গিত দেয়নি। এরই মধ্যে মস্কো নিশ্চিত করেছে যে, চলমান এই সংঘাতময় পরিস্থিতির মধ্যেও তেহরান তাদের কাছে কোনো প্রকার অস্ত্র বা সামরিক সহায়তা চায়নি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গণমাধ্যমকে জানিয়েছেন, অস্ত্র সরবরাহের জন্য ইরানের পক্ষ থেকে রাশিয়ার কাছে কোনো অনুরোধ আসেনি। তিনি স্পষ্ট করেন যে এ বিষয়ে রাশিয়ার অবস্থান ধারাবাহিক এবং এতে কোনো পরিবর্তন হয়নি। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বের ওপর হামলাকে মানবিক ও নৈতিক সব নিয়মের লঙ্ঘন বলে অভিহিত করেন। অন্যদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে শক্তি প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয় বলে মত দেন এবং উত্তেজনা হ্রাসের আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারি মাসে রাশিয়া ও ইরান একটি বিস্তৃত কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তিতে বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, বিজ্ঞান ও সংস্কৃতি খাতে সমন্বয় বাড়ানোর কথা বলা হলেও পারস্পরিক সামরিক প্রতিরক্ষার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। অর্থাৎ কোনো এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ সরাসরি যুদ্ধে যোগ দেবে এমন কোনো শর্ত এতে নেই। রুশ বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে রাশিয়া নতুন করে কোনো বড় সংঘাতে জড়াতে চাইছে না।

এস এম/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language