উত্তর আমেরিকা

মার্কিন কংগ্রেসে ইরান বিরোধী যুদ্ধের প্রতিবাদ করায় মেরিন ভেটেরানকে জোরপূর্বক বের করে দেয়ার অভিযোগ

ওয়াশিংটন, ৫ মার্চ – ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে মার্কিন কংগ্রেসে বিক্ষোভ প্রদর্শনের সময় এক সাবেক মেরিন সেনাকে জোরপূর্বক শুনানিকক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে এই ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে গ্রিন পার্টির পক্ষ থেকে সিনেটর পদে লড়তে যাওয়া ব্রায়ান ম্যাকগিনিস শুনানির মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বলেন যে ইসরায়েলের স্বার্থে কেউ যুদ্ধ করতে আগ্রহী নয়।

এর পরপরই একাধিক নিরাপত্তাকর্মী তাকে কক্ষ থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। সিবিএস নিউজের সাংবাদিক অ্যালান হে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে মন্টানার সিনেটর টিম শিহি নিজেও ম্যাকগিনিসকে বের করে দিতে ক্যাপিটল পুলিশকে সহায়তা করছেন। উল্লেখ্য টিম শিহি নিজেও একজন সাবেক মার্কিন সেনা সদস্য।

পরবর্তীতে তিনি জানান যে পরিস্থিতি দ্রুত শান্ত করতেই তিনি এগিয়ে এসেছিলেন। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা কৌশল ও সামরিক প্রস্তুতি বিষয়ক একটি শুনানির সময় এই হট্টগোল সৃষ্টি হয়।

ব্রায়ান তখন উচ্চস্বরে স্লোগান দিয়ে বলেন আমেরিকার জনগণ ইসরায়েলের জন্য যুদ্ধে তাদের সন্তানদের পাঠাতে চায় না। তাকে যখন হলরুম থেকে বের করে নেওয়া হচ্ছিল তখনও তিনি দরজার হাতল আঁকড়ে ধরে প্রতিবাদ জানাতে থাকেন।

ওই সিনেটর এবং নিরাপত্তা কর্মকর্তারা প্রায় ২০ থেকে ৩০ সেকেন্ড ধস্তাধস্তি করে তাকে কক্ষচ্যুত করেন এবং অভিযোগ উঠেছে যে এই টানাহেঁচড়ার এক পর্যায়ে দরজার ফাঁকে হাত আটকে গিয়ে ওই মেরিন ভেটেরানের হাত ভেঙে যায়।

এম ম/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language