গ্যাস সংকটে চট্টগ্রামে দুই বৃহৎ সার কারখানার উৎপাদন অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আনোয়ারা, ৫ মার্চ – দেশে চলমান তীব্র গ্যাস সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে সার উৎপাদন খাতে। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের দুই বৃহৎ ইউরিয়া সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড বা সিইউএফএল এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড বা কাফকো অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ করে দিয়েছে। সরকারি উচ্চপর্যায়ের নির্দেশনায় বুধবার বিকেল থেকে কারখানা দুটিতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।
ইউরিয়া সার উৎপাদনের প্রধান কাঁচামাল হলো প্রাকৃতিক গ্যাস যা ছাড়া অ্যামোনিয়া বা ইউরিয়া তৈরি অসম্ভব। কারখানা কর্তৃপক্ষের মতে বর্তমানে জাতীয় গ্রিডে গ্যাসের চাপ এতটাই নিচে নেমে গেছে যে এই অবস্থায় উৎপাদন প্রক্রিয়া সচল রাখা যন্ত্রপাতির জন্য চরম ঝুঁকিপূর্ণ।
পরিসংখ্যান অনুযায়ী সিইউএফএল প্রতিদিন প্রায় ১১০০ থেকে ১২০০ টন এবং কাফকো দৈনিক প্রায় ১৭২৫ টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম। দুটি কারখানা বন্ধ থাকায় দেশ প্রতিদিন প্রায় তিন হাজার টন ইউরিয়া সার থেকে বঞ্চিত হচ্ছে যা দীর্ঘমেয়াদে আমদানির ওপর নির্ভরতা ও বৈদেশিক মুদ্রার চাপ বাড়াবে।
সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানিয়েছেন যে গ্যাস সংকটের কারণে সরকারি নির্দেশনায় উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং সরবরাহ স্বাভাবিক হলে পুনরায় চালু করা হবে।
রবি মৌসুম ও আসন্ন আউশ আমন চাষের আগে সারের এই উৎপাদন হ্রাসে কৃষকদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। কৃষি সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে বাজারে সারের কৃত্রিম সংকট তৈরি হতে পারে এবং ফসলের লক্ষ্যমাত্রা ব্যাহত হতে পারে।
বিসিআইসি সূত্র জানিয়েছে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ বাড়লে অগ্রাধিকার ভিত্তিতে সার কারখানায় গ্যাস দেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে জ্বালানি নিরাপত্তার অভাব এখন শিল্পখাতের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া জরুরি।
এম ম/ ৫ মার্চ ২০২৬








