কাপ্তাইয়ে সেতুর রেলিং ভেঙে আটকে গেল পিকআপ, যান চলাচল ব্যাহত

রাঙামাটি, ৫ মার্চ – রাঙামাটির কাপ্তাই উপজেলায় ইটবাহী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় স্টিল সেতুর রেলিং ভেঙে গেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সোয়া ১১টার দিকে চট্টগ্রাম কাপ্তাই সড়কের ব্যাঙছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এতে পিকআপ ভ্যানটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কাপ্তাইগামী ইটবাহী পিকআপ ভ্যানটি ব্যাঙছড়ি এলাকার স্টিল সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে রেলিংয়ের কিছু অংশ ভেঙে পিকআপ ভ্যানের সামনের অংশে ঢুকে যায়।
দুর্ঘটনার ফলে সড়কটিতে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের উভয় পাশে আটকে পড়ে বহু গাড়ি। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা ছাড়া অন্যান্য যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।
পিকআপ ভ্যানের চালক নজরুল ইসলাম ও তার সহকারী আবু বক্কর জানান, সেতুতে ওঠার সময় হঠাৎ পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে।
তবে এতে কেউ হতাহত হয়নি। পরবর্তীতে কাপ্তাই সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ সদস্যদের সহায়তায় দুপুর ২টার পর পিকআপ ভ্যানটি সেতু থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
এম ম/ ৫ মার্চ ২০২৬









