দোহায় বিকট বিস্ফোরণের শব্দ ও আকাশে ধোঁয়া, মিসাইল হামলার আশঙ্কা

দোহা, ৫ মার্চ – কাতারের রাজধানী দোহায় হঠাৎ করেই একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এবং শহরের আকাশে ধোঁয়া দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে ইরানের মিসাইল হামলা প্রতিহত করতে কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আল জাজিরার ব্রেকিং নিউজে স্থানীয় সংবাদদাতার বরাতে জানানো হয়েছে যে হামলাগুলো শহরের কেন্দ্রস্থলের বেশ কাছাকাছি ঘটছে।
ওই প্রতিবেদক জানান প্রথমে চারটি এবং পরবর্তীতে আরও ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর থেকে অন্তত এক ডজন বা বিশটির মতো জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আকাশের দিকে তাকালে দেখা যাচ্ছে পরিচিত সেই ধোঁয়া যেখানে প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরগুলো ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোনকে আঘাত করে ধ্বংস করেছে। ঘটনাগুলো শহরের কেন্দ্রীয় অংশের আরও কাছাকাছি ঘটছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
স্থানীয়রা বলছেন যেসব এলাকায় আকাশে এসব দৃশ্য দেখা যাচ্ছে তার কাছেই আগে যুক্তরাষ্ট্রের দূতাবাস ছিল যা বর্তমানে খালি করে দেওয়া হয়েছে। সর্বশেষ হামলার সুনির্দিষ্ট লক্ষ্য কী ছিল তা এখনও নিশ্চিত হওয়া না গেলেও এখানে ধারাবাহিকভাবে কিছু ঘটনা ঘটছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এসএএস/ ৫ মার্চ ২০২৬









