ঢাকা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজক এখন রঙিন ফুলের রাজ্য

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ৫ মার্চ – ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বুক চিরে বসন্ত যেন তার রূপের পসরা সাজিয়ে বসেছে। মহাসড়কের বিভাজক বা ডিভাইডারে গাজীপুর অংশের বিভিন্ন স্থানে ফুটে আছে রক্তরাঙা পলাশ এবং শুভ্র বা গাঢ় গোলাপি রঙের জাপানি ক্যাসিয়া রেনিজেরা। ফুলের এই অপরূপ দৃশ্যে মহাসড়কটি যেন এক ভিন্ন মাত্রা পেয়েছে।

যাতায়াতের সময় যাত্রীরা দেশি ও বিদেশি এসব ফুল দেখে মুগ্ধ হচ্ছেন এবং অনেকেই যানবাহন থামিয়ে ছবি বা ভিডিও ধারণ করছেন।

কেউ কেউ চলন্ত বাস কিংবা মাইক্রোবাসের জানালা দিয়ে এই সৌন্দর্য উপভোগ করছেন। জানা গেছে প্রায় সাত থেকে আট বছর আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত করার সময় বিপরীত লেনের গাড়ির হেডলাইটের আলো আটকাতে ডিভাইডারের ওপর বিভিন্ন প্রজাতির ফুলগাছ রোপণ করা হয়েছিল।

এসব গাছের মধ্যে ছিল সোনালু, কাঞ্চন, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কদম, পলাশ, জারুল ও জাপানি চেরি গোত্রের ক্যাসিয়া রেনিজেরা। গত কয়েক বছর ধরে পলাশ ও জারুলসহ অন্যান্য ফুল ফুটলেও এবার শীতের শেষে জাপানি ক্যাসিয়া রেনিজেরা তার পূর্ণ সৌন্দর্য মেলে ধরেছে। বিশেষ করে গাজীপুরের হোতাপাড়া এলাকার সড়ক বিভাজক যেন এক টুকরো জাপানে পরিণত হয়েছে।

স্থানীয় পথচারী রুহুল আমিন জানান ক্যাসিয়া রেনিজেরা মূলত জাপানি চেরি গোত্রের ফুল যা বসন্তে ফোটে এবং গাছগুলো দেখলে মনে হয় একেকটি ফুলের তোড়া।

গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী তারিক হোসেন জানান সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও যাত্রীদের মন ভালো রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল এবং ভবিষ্যতে আরও নানা প্রজাতির গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।

সৌন্দর্যবর্ধন ছাড়াও যানবাহনের আলোর প্রতিফলন থেকে রক্ষায় সড়কের আইল্যান্ডে লাগানো গাছগুলোতে ফোটা ফুলের মন মাতানো রং মুহূর্তেই মন কাড়ছে দূরপাল্লার যাত্রী ও স্থানীয়দের।

এম ম/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language