আকাশসীমা সুরক্ষায় সামরিক প্রস্তুতি বাড়ানোর নির্দেশ কাতারের আমিরের

দোহা, ৫ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে নিজ দেশের আকাশসীমা নিরাপদ রাখতে সামরিক বাহিনীর প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। গত বুধবার দেশটির সেনাবাহিনীর এয়ার অপারেশন্স সেন্টার পরিদর্শনকালে তিনি এই নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে কাতারের সামরিক কর্মকর্তারা আমিরকে অপারেশন বিভাগের অগ্রগতি এবং জাতীয় নিরাপত্তা রক্ষার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন।
এছাড়া দেশের আকাশ ও জলসীমার সুরক্ষা নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তাকে বিস্তারিত তথ্য জানানো হয়। আমিরের দপ্তর এমিরি দিওয়ান থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে যে আমির শেখ তামিম বিন হামাদ আল থানি মনোযোগ সহকারে এসব তথ্য শোনেন এবং আকাশ ও জলসীমা রক্ষায় আরও জোরদার পদক্ষেপ নিতে কর্মকর্তাদের নির্দেশ দেন। উল্লেখ্য যে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিনব্যাপী সংলাপ চলে যা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।
এরপর ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং একই সময়ে অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েল। এর জেরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেনাঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। কাতারের রাজধানী দোহার অদূরে আল উদেইদ এলাকায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সেনাঘাঁটি অবস্থিত হওয়ায় কাতার বাড়তি সতর্কতা অবলম্বন করছে।
এসএএস/ ৫ মার্চ ২০২৬









