মানিকগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি দোকান ভস্মীভূত, দগ্ধ ১

মানিকগঞ্জ, ৫ মার্চ – মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের ওই বাজারে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মিন্টু দত্ত নামের এক জ্বালানি তেল ব্যবসায়ী গুরুতর দগ্ধ হয়েছেন। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বাজারের একটি ডিজেল ও পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। বিল্টু দত্ত ও মিন্টু দত্তের দোকানে ড্রামে জ্বালানি ভরার সময় অসাবধানতাবশত আগুন ধরে যায় এবং তা দ্রুত পাশের হোটেল ও গ্যাস সিলিন্ডারের দোকানে ছড়িয়ে পড়ে।
আগুনের তাপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুনের তীব্রতা বেড়ে যায় এবং মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ী ও ক্রেতারা দিগ্বিদিক ছুটতে থাকেন। স্থানীয় হোটেল মালিক সুজন সরকার জানান, হঠাৎ পাশের দোকানে আগুন লাগার পরপরই বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং চোখের পলকে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে গুরুতর আহত মিন্টু দত্তকে প্রথমে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের হরিরামপুর ও আরিচা স্টেশনের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুর রহমান জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডে ২৫ থেকে ৩০টি দোকান পুড়ে গেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
এম ম/ ৫ মার্চ ২০২৬









