বিদ্যুৎ সাশ্রয়ে নিজের দপ্তরের ৫০ শতাংশ লাইট ও এসি বন্ধ রাখলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ৫ মার্চ – বিদ্যুৎ সাশ্রয়ে এক অনন্য নজির স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় সম্পদ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সচিবালয়ে নিজের দপ্তরের বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে এনেছেন তিনি। একই সঙ্গে সকল মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সচিবালয়ের ১ নম্বর ভবনের ২০১ নম্বর কক্ষে প্রধানমন্ত্রীর দপ্তরে এখন থেকে ৫০ শতাংশ লাইট ও এসি ব্যবহার করা হবে। দিনের বেলায় কৃত্রিম আলোর ওপর নির্ভরতা কমাতে এবং সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কক্ষের জানালার পর্দা খোলা রাখার নির্দেশনাও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার প্রতিফলন দেখা গেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকেও, যেখানে অর্ধেক আলো ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হয়।
বিদ্যুৎ সাশ্রয়ে এই উদ্যোগ কেবল নিজের দপ্তরেই সীমাবদ্ধ রাখেননি সরকারপ্রধান। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, আদালত, শপিংমল, বাণিজ্যিক কার্যালয় এবং বাসা-বাড়িতেও পর্যায়ক্রমে এই মিতব্যয়ী পদক্ষেপ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া আজকের মন্ত্রিসভা বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিশেষজ্ঞ দলের সহায়তায় জ্বালানি সাশ্রয়ে আরও কী কী কার্যকর পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়েও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এস এম/ ৫ মার্চ ২০২৬









