ঢাকা

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ছাত্র হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে, কারাগারে ৩

ঢাকা, ৫ মার্চ – গুলশান থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপ পরিদর্শক আরমান আলী আসামি রিয়াদসহ চারজনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

শুনানি শেষে বিচারক প্রধান অভিযুক্ত রিয়াদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং বাকি তিন আসামি মো. রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রিমান্ডের পক্ষে এবং আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। মামলার নথি থেকে জানা যায় গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আরেক শিক্ষার্থী নির্জন সরদার বাঁধন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এই মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয় পূর্ব শত্রুতার জেরে আসামিরা নির্জনের ওপর হামলা চালায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে কথা বলার সময় রাজ্জাকের নির্দেশে অন্য আসামিরা চেয়ার দিয়ে নির্জনকে আঘাত করে এবং রাজ্জাক সুইচ গিয়ার চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে নির্জনের মুখে আঘাত করলে তার নাক জখম হয়। উল্লেখ্য এর আগে গত বছরের জুলাই মাসে গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদা দাবির অভিযোগে রাজ্জাক গ্রেপ্তার হয়েছিলেন।

এসএএস/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language