পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা থেকে ২৬ লাখ টাকার জাটকা জব্দ

মুন্সীগঞ্জ, ৫ মার্চ – মুন্সীগঞ্জের পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যের জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার রাত ১১টার দিকে পদ্মা উত্তর থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে কম্পোজিট স্টেশন পদ্মা এই অভিযান চালায়।
এসময় একটি সন্দেহভাজন বাস তল্লাশি করে ৩ হাজার ৮০০ কেজি জাটকা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৬০ হাজার টাকা। জব্দকৃত জাটকা পরবর্তীতে সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। তবে মুচলেকা নিয়ে বাসটির চালক ও সহকারীকে ছেড়ে দেওয়া হয়েছে। দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এস এম/ ৫ মার্চ ২০২৬









