জাতীয়

নতুন এমপিদের সংসদীয় কার্যক্রমে দক্ষ করতে বিএনপির দুই দিনের কর্মশালা

ঢাকা, ৫ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদের আসন্ন প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া অধিবেশনের আগে ৬ ও ৭ মার্চ দুই দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথমবারের মতো নির্বাচিত দলীয় এমপিদের সংসদীয় রীতিনীতি, বিল ও বাজেট উপস্থাপন, স্থায়ী কমিটির কার্যক্রম এবং মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। অভিজ্ঞ সাবেক আমলা, শিক্ষাবিদ ও প্রবীণ সংসদ সদস্যরা নবীনদের দায়িত্ব ও কৌশলগত ভূমিকা সম্পর্কে ধারণা প্রদান করবেন। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন, স্থানীয় উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় এমপিদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

এছাড়া মন্ত্রীদের দুর্নীতি প্রতিরোধ এবং সরকারি কাজে স্বচ্ছতা নিশ্চিত করার কৌশল নিয়েও দিকনির্দেশনা দেওয়া হবে। ৬ মার্চ সকালে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের নিয়ে প্রথম সেশন এবং দুপুরে রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের এমপিদের নিয়ে দ্বিতীয় সেশন অনুষ্ঠিত হবে। পরদিন ৭ মার্চ সকালে ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুরের অবশিষ্ট এমপি এবং বিকেলে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা কর্মশালায় অংশ নেবেন।

এস এম/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language