পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে আবেদন শুরু, জানুন বিস্তারিত

ঢাকা, ৫ মার্চ – বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল বা টিআরসি পদে জনবল নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। দেশের ৬৪টি জেলা থেকে যোগ্য পুরুষ ও নারী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা যা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।
বর্তমান বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা উল্লেখ করা না হলেও এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন আহমদ পুলিশ বাহিনীর বিভিন্ন স্তরে জনবল সংকটের কথা তুলে ধরেছিলেন। গত ২৩ ফেব্রুয়ারি অধীনস্থ দপ্তরগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১টি কনস্টেবল পদ পূরণের নির্দেশ দেন। পাশাপাশি পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদেও দ্রুত নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছিল। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের নির্দিষ্ট ওয়েবসাইটে লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের পর যোগ্য প্রার্থীরা একটি ইউজার আইডি পাবেন এবং আবেদন জমার ৪৮ ঘণ্টার মধ্যে সার্ভিস চার্জ জমা দিতে হবে।
প্রাথমিক স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা পরীক্ষায় অংশ নিতে হবে। শারীরিক সক্ষমতা যাচাইয়ের মধ্যে দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং অন্তর্ভুক্ত থাকবে। এই ধাপে উত্তীর্ণ প্রার্থীদের বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের ওপর ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় বসতে হবে যার জন্য আলাদাভাবে ৫৬ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা ১৫ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করার পর প্রশিক্ষণের জন্য পাঠানো হবে। আগামী ৩১ মার্চ ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে এই আবেদন প্রক্রিয়া চলবে।
এস এম/ ৫ মার্চ ২০২৬









