জাতীয়

আবু সাঈদ হত্যা: মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ৯ এপ্রিল

রংপুর, ৫ মার্চ – জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়ের দিন ঘোষণা করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের এ মামলার রায় আগামী ৯ এপ্রিল ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই তারিখ ধার্য করেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে গত বছরের ৩০ জুন এ ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলার ৩০ আসামির মধ্যে বর্তমানে ৬ জন গ্রেপ্তার রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।

উল্লেখ্য, গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তাঁর মৃত্যুর ঘটনা সারা দেশে ব্যাপক আলোড়ন তোলে এবং শেষ পর্যন্ত ৫ আগস্ট সরকার পতনের মধ্য দিয়ে আন্দোলনের পরিসমাপ্তি ঘটে।

এসএএস/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language