জাতীয়

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, প্রস্তুত বিকল্প ব্যবস্থাও

জাতীয় ঈদগাহ, ৪ মার্চ – আবহাওয়া অনুকূলে থাকলে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

তবে আবহাওয়া প্রতিকূল বা দুর্যোগপূর্ণ থাকলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এবারও ঈদ জামাতের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হবে। গত ২৪ ফেব্রুয়ারি ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত সভার কার্যবিবরণীতে ঈদের জামাত ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ও জনকল্যাণমূলক বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। নারীদের জন্য জাতীয় ঈদগাহের দক্ষিণ দিকে আলাদা প্রবেশপথসহ নামাজের বিশেষ ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদের প্রধান জামাত পরিচালনার জন্য ইমাম ও মুয়াজ্জিন নির্বাচনের দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের ওপর ন্যস্ত থাকবে। ঈদের দিন সকাল সাড়ে ৭টা থেকে ঈদগাহে হামদ ও নাত পরিবেশনের ব্যবস্থা করা হবে। মুসল্লিদের সুবিধার্থে মাঠ সমতলকরণ এবং বৃষ্টিরোধক প্যান্ডেল তৈরির পাশাপাশি ওজু ও টয়লেটের পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা হবে।

হাইকোর্ট মাজার মসজিদের ওজুর স্থানগুলো ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা হবে এবং জরুরি প্রয়োজনে পানি নিষ্কাশনের জন্য ওয়াসা ও ফায়ার সার্ভিস প্রস্তুত থাকবে। নিরাপত্তার স্বার্থে পুলিশ ও র‍্যাবের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় থাকবে এবং প্রবেশপথে মেটাল ডিটেক্টর বসানো হবে।

ঈদের দিন জাতীয় ঈদগাহে বিশেষ মেডিকেল টিম এবং কূটনৈতিক ও ভিআইপিদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা থাকবে। এছাড়া ঈদের দিন সরকারি ভবনগুলোতে আলোকসজ্জা এবং হাসপাতাল ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এম ম/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language