নাটক

আলভীর স্ত্রীর মৃত্যু নিয়ে ওঠা অভিযোগ ও গুঞ্জন প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী তিথি

কাঠমান্ডু, ৪ মার্চ – ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। সম্প্রতি নেপাল থেকে দেশে ফিরে এক সাক্ষাৎকারে তিনি তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ও গুঞ্জন মিথ্যা বলে দাবি করেছেন। নেপাল থেকে ফিরতে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি জানান, ঘটনার দিন তারা টিকিটের জন্য অনেক চেষ্টা করেছিলেন কিন্তু পাননি।

তিথির ভাষ্যমতে, তারা চেয়েছিলেন অন্তত আলভী যেন আগে ফিরতে পারেন কিন্তু তা সম্ভব হয়নি। পরদিন প্রথম ফ্লাইটের টিকিট পেয়েই তারা সবাই দেশে ফেরেন। ইকরার মৃত্যু নিয়ে নিজেকে নির্দোষ দাবি করে তিথি বলেন, তিনি কোনো অপরাধ করেননি এবং কাউকে হত্যাও করেননি। এটি একটি আত্মহত্যার ঘটনা উল্লেখ করে তিনি জানান, হয়তো মেয়েটির অনেক কষ্ট ছিল যা সে সহ্য করতে পারেনি। আলভীর সঙ্গে বিয়ে বা অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনকেও তিনি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। বাসা ভাড়া বা জীবনযাপনের খরচ নিয়ে ওঠা প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানান, আলভী তার বাসা ভাড়া দেন না।

তিনি নিজের আয়ের টাকাতেই বাসা ভাড়া দেন এবং মা ও নানির দায়িত্ব পালন করেন। অভিনয়ই তার আয়ের একমাত্র উৎস বলে উল্লেখ করেন তিনি। ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে শঙ্কা প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, বিপদের সময় খুব কম মানুষকেই তিনি পাশে পেয়েছেন। অনেকে ঝামেলায় জড়ানোর ভয়ে দূরে থাকছেন আবার কেউ আড়াল থেকে সমর্থন দিচ্ছেন। তবে তিনি বিশ্বাস করেন সত্য একদিন সবার সামনে উন্মোচিত হবে।

এসএএস/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language