জাতীয়

পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পরে, এখন অগ্রাধিকার আইনশৃঙ্খলা: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ৪ মার্চ – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়টি নিয়ে আপাতত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, পোশাক পরিবর্তন করলেই মানসিক অবস্থার পরিবর্তন হবে, তাই এ বিষয়ে পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের এখনকার প্রধান অগ্রাধিকার। জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকর রাখাই মূল লক্ষ্য। তিনি ঘোষণা দেন যে, খুব শিগগিরই রাজধানী ঢাকা থেকে চাঁদাবাজদের একটি তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে। পুলিশকে অতীতের মতো কারও তাবেদারি না করে জনবান্ধব বাহিনীতে পরিণত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

এছাড়া ঢাকার যানজট কমাতে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ করার কথাও জানান মন্ত্রী। তিনি আরও বলেন, যারা অস্ত্রধারী ও দাগি আসামি, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। হাদি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি জানান, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এস এম/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language