মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের ভিসা বাড়ানোর আশ্বাস, সংকট মোকাবেলায় প্রস্তুত সরকার

মধ্যপ্রাচ্য, ৪ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানে কর্মরত বাংলাদেশিদের ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়ে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
কর্মসংস্থান ও ভিসা সংক্রান্ত বিবিধ বিষয়ে সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোর মাধ্যমে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। উপদেষ্টা জানান যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান সুরক্ষায় সরকার বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে এবং ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে আশ্বাস পেয়েছে।
সরকারের আন্তরিকতা ও প্রচেষ্টার কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি বলেন এই সরকার জনগণের সরকার তাই বাংলাদেশের নাগরিকরাই সরকারের দৈনন্দিন কার্যক্রমে সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে। যুদ্ধ পরিস্থিতির কারণে উদ্ভূত সম্ভাব্য যেকোনো সংকট মোকাবেলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলেও এ সময় মন্তব্য করেন উপদেষ্টা হুমায়ুন কবির।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন তারেক রহমানের নেতৃত্বে দুই তৃতীয়াংশ ভোটে নির্বাচিত বর্তমান সরকার একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। সরকারের প্রস্তুতি রয়েছে এবং কোনো ধরনের সংকটে যাতে পড়তে না হয় সে বিষয়ে চেষ্টা চলছে।
সবকিছু একটি টেকসই উপায়ে স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। বিশেষ করে জ্বালানি খাতে বৈচিত্র্য বা ডাইভার্সিফিকেশন আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা আরও বলেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ যুদ্ধ প্রভাবিত অঞ্চলে থাকা বাংলাদেশি নাগরিকদের সঙ্গে এবং সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
প্রয়োজনে নাগরিকদের সরিয়ে নেওয়ার বা ইভাকুয়েশনের প্রস্তুতিও সরকারের রয়েছে এবং অন্যান্য দেশের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করা হয়েছে যাতে প্রয়োজন হলে সহযোগিতা পাওয়া যায়।
এম ম/ ৪ মার্চ ২০২৬









